
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
ফোনালাপে শেখ মোহাম্মদ সব পক্ষকে সংলাপ ও কূটনীতির পথে অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় হওয়া চুক্তিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা এবং স্থিতিশীলতা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনায় দুই দেশের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক এবং তা আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় হয়।
এ সময় শেখ মোহাম্মদ পুনর্ব্যক্ত করেন যে, আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমন্বিত চুক্তিতে পৌঁছানোর সব প্রচেষ্টার প্রতি কাতার পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে।


