
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে খেলাফত মজলিস। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
অধিবেশন শেষে খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনি সমঝোতা ছিল। নির্বাচন শেষ হওয়ার পর জোটের কার্যকারিতা কার্যত শেষ হয়ে যায়। এরপরও কিছু কর্মসূচিতে দলটি অংশ নিলেও বর্তমানে জোটের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে প্রয়োজন দেখা দিলে বৃহত্তর ঐক্য গঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ জুন চট্টগ্রামে অনুষ্ঠিত ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোট নেতাদের জানিয়ে দেয়, ভবিষ্যতের কোনো সমাবেশ বা প্রচারণায় দল কিংবা নেতাদের নাম ব্যবহার না করতে। পরবর্তীতে রংপুরের একটি সমাবেশে দলের নাম ব্যবহার করা হলে আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জোটের কোনো কর্মসূচিতে খেলাফত মজলিসের নাম ব্যবহার করা হয়নি।




