
মাদকবিরোধী সভায় ছাত্র হত্যা মামলার আসামির উপস্থিতি, এলাকায় ক্ষোভ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর বাজারে অনুষ্ঠিত বিট পুলিশিংয়ের মাদকবিরোধী মতবিনিময় সভায় ছাত্র হত্যা মামলার এক আসামির উপস্থিতিকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজাহার হাওলাদার পুলিশের পাশে বসে সভায় অংশ নেন। তিনি ছাত্র হত্যা মামলার আসামি এবং একটি গাড়ি পোড়ানোর মামলাতেও অভিযুক্ত।
এ ঘটনায় স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা ক্ষোভ প্রকাশ করে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিট অফিসার এসআই রিয়াজুর রহমান জানান, নতুন দায়িত্বে থাকায় সভায় উপস্থিত সবাইকে তারা চিনতে পারেননি। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



