প্যারিসে ছুরিকাঘাত: পথচারীদের ওপর হামলায় ৩ নারী আহত, সন্দেহভাজন আটক

ফ্রান্সের রাজধানী প্যারিসে পথচারীদের ওপর ছুরিকাঘাতের ঘটনায় তিন নারী আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল প্রায় ১১:৩০টায় শহরের Porte de Clichy এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ৩১ বছর বয়সী এক ব্যক্তি দুটি রান্নাঘরের ছুরি নিয়ে পথচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১৯, ২৪ ও ৩৬ বছর বয়সী তিন নারী আহত হন। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে একজন গর্ভবতী।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে জানা গেছে, আহতদের মধ্যে দুজন গুরুতর আহত হলেও বর্তমানে তাদের জীবন শঙ্কামুক্ত। আহতদের একজনের পেটে এবং অপরজনের কোমরের নিচের অংশে আঘাত লেগেছে।

ঘটনাস্থলের কাছেই দায়িত্বের বাইরে থাকা এক পুলিশ কর্মকর্তা দৌড়ানোর সময় হামলার বিষয়টি দেখতে পান। পরে পথচারীদের সহায়তায় তিনি দ্রুত হামলাকারীকে আটক করেন।

পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও হামলাকারীর উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।