

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই এ দায়িত্ব পালন করবেন।
এরই মধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা তুঙ্গে। বিভিন্ন মহলে একাধিক নাম ঘুরে বেড়ালেও, সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে এমন একজনকে মনোনয়ন দেওয়া হবে, যিনি দলের প্রতি বিশ্বস্ত, গ্রহণযোগ্য, নৈতিকতা-সম্পন্ন এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন স্থায়ী কমিটি।
সংবিধানের বর্তমান বিধান অনুযায়ী, ৩৫০ জন সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে দলটির মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার পথ প্রায় নিশ্চিত বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।




